পা ভেঙে গেছে মোজতবা খামেনির, আঘাত লেগেছে চোখেও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর প্রথম দিকেই আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার পায়ের হাড় ভেঙে গেছে এবং চোখেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির বাম চোখের চারপাশে আঘাতের দাগ দেখা গেছে। এছাড়া তার মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এর আগে একটি ইসরায়েলি সূত্র দাবি করেছিল, গত সপ্তাহে তাকে হত্যার চেষ্টা চালানো হলে তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার বিষয়টি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল।

সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানান, ওই হামলার সময় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। সেই হামলার সময়ই মোজতবা খামেনি আহত হন বলে তিনি দাবি করেন।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ জানিয়েছেন, মোজতবা খামেনি আহত হলেও তিনি নিরাপদে আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকলেও চলতি সপ্তাহে সংঘাত থামার সম্ভাবনা নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970