ইরানের স্কুলে হামলায় নিহত শিশুদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য দুই লাখ মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় চীন গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

গুও জিয়াকুন জানান, চীনের রেড ক্রস সোসাইটি নিহত শিশুদের পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। স্কুলকে লক্ষ্য করে শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবিক আইন, নৈতিকতা ও মানবিক বিবেকের চরম অবমাননা। এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় চীন।

মুখপাত্র বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ইরানের জনগণকে এই দুর্ভোগ কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন ভবিষ্যতেও প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনেই দক্ষিণাঞ্চলীয় হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনী জড়িত থাকতে পারে। তবে পেন্টাগন জানিয়েছে, বিষয়টি এখনও তদন্তাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970