আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, রাস্তাতেই ঈদের নামাজ পড়লেন ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
পবিত্র আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ রাখায় শত শত মুসল্লি ভিতরে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশপথ ও আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন ইসরায়েলি সেনারা মসজিদের অভ্যন্তরীণ চত্বরে মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক ফটক এলাকায় মুসল্লিরা জড়ো হয়ে কাছাকাছি অবস্থান থেকে নামাজ আদায় করেন।
জেরুজালেম গভর্নরেট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেন, এটি সরাসরি ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত এবং বিপজ্জনক উসকানির চেষ্টা। এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য জেরুজালেমকে ইহুদিকরণ করা এবং আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামী পরিচয় থেকে বিচ্ছিন্ন করা।
উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর টানা ২১ দিন ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল।
অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিস্থিতি মানবিক বিপর্যয়ের ছবি তুলে ধরেছে। দীর্ঘদিনের হামলায় ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করেছেন। অনেকেই ভেঙে ফেলা মসজিদের সামনে বা খোলা আকাশের নিচে জায়নামাজ বিছিয়ে প্রার্থনায় অংশ নেন।
গণহত্যা ও বাস্তুচ্যুতির ভয়াবহতার মধ্যেও গাজার মানুষ তাদের দীর্ঘদিনের ঈদ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় এক হাজার ২৪০টি মসজিদের মধ্যে এক হাজার ১০০টির বেশি ধ্বংস হয়ে গেছে।