ইরানি কূটনীতিকদের সৌদি আরব থেকে বহিষ্কার, দেশ ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
যুদ্ধ ও উত্তেজনার মাঝেই সৌদি আরব ইরানের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে। শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলিটারি অ্যাটাশে, সহকারী মিলিটারি অ্যাটাশে এবং আরও তিনজন দূতাবাস কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে সৌদি আরব জানায়, ইরান সৌদি আরব, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশ এবং অন্যান্য আরব ও ইসলামিক দেশের বিরুদ্ধে ধারাবাহিক ও অবাঞ্ছিত আক্রমণ চালাচ্ছে। এতে সৌদি সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর গুরুতর ক্ষতি হচ্ছে।
সৌদি আরব আরও উল্লেখ করেছে, আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশী নীতিমালা, বেইজিং চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭-এর স্পষ্ট লঙ্ঘন ঘটাচ্ছে ইরান। এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর তা গুরুতর প্রভাব ফেলবে।
বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড, আকাশসীমা, নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।