কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ এএম
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন।
পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা বলেন, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।
কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের সামরিক পরিবহন বিমান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে।
তিনি আরও বলেন, উড়োজাহাজটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং চালকেরা ছিলেন অভিজ্ঞ।