এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।
জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময়ই শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়। দেশটির অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইহুদিবিদ্বেষী বা কোনো ধরনের উগ্র বক্তব্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই।
অন্যদিকে, একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে শায়খ আহমাদুল্লাহ ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য তাদের দায়ী করেছিলেন।
একটি আর্থিক প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান শায়খ আহমাদুল্লাহ। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ভিডিও বার্তা দেন।
তার ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি, ৬ এপ্রিল ক্যানবেরা, ১০ এপ্রিল অ্যাডিলেড এবং ১১ এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার আগেই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হলো।