এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর করার সিদ্ধান্ত দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই সিদ্ধান্ত মেনে চলবে।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাশিয়ার ক্রেমলিন ঘোষণা করেছে যে শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে এর আগে ঘোষিত অনুরূপ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল।
ক্রেমলিন সূত্রে আরও জানানো হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো উসকানির জবাব দিতে সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। সেই অনুযায়ী তারা এখন এই সিদ্ধান্ত বাস্তবায়নে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এমন সময় মানুষ একটি শান্তিপূর্ণ ইস্টার উদযাপন করতে পারবে, যা স্থায়ী শান্তির পথে অগ্রগতি আনতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পূর্ব আলোচনা হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি প্রক্রিয়ার অংশও নয়।
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্বস্তির সুযোগ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বৈশ্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।