আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৭ এএম
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর সাহস নিয়ে নিজের ধারণা ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আগে ভেবেছিলেন মেলোনির যথেষ্ট সাহস আছে, কিন্তু বাস্তবে তা নয়।
মঙ্গলবার ইতালির একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, মেলোনিকে নিয়ে তিনি বিস্মিত হয়েছেন এবং তার সাহস সম্পর্কে আগের ধারণা ভুল ছিল।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই যুদ্ধের বিরোধিতা করে আসছেন জর্জিয়া মেলোনি। এ অবস্থান নিয়েই দুই নেতার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ট্রাম্প পোপ চতুর্দশ লিওকে নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, পোপ লিও দুর্বল ব্যক্তি এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নেই।
পোপকে নিয়ে এমন মন্তব্যের পর মেলোনি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।
এরপর ট্রাম্পকে মেলোনির মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেলোনি নিজেও অগ্রহণযোগ্য অবস্থান নিয়েছেন। তার দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা বা না থাকা নিয়ে মেলোনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ট্রাম্প আরও বলেন, যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে তারা সুযোগ পেলে দুই মিনিটের মধ্যে ইতালিকে লক্ষ্যবস্তু বানাতে পারে।
এক সময় মেলোনি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে ইরান যুদ্ধ ইস্যুতে ভিন্ন অবস্থান নেওয়ার পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স