যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার পরিকল্পনা ইউরোপের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই নতুন পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তারা একটি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপীয় দেশগুলো একটি বড় আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যার লক্ষ্য হবে যুদ্ধ শেষে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা। তবে এই জোটে আপাতত যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার চিন্তা করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এটি হবে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন। এখানে কোনো যুদ্ধরত পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান- কোনোটিই এই উদ্যোগের অংশ হবে না।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে অস্থিতিশীল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে এই গুরুত্বপূর্ণ জলপথে।
এ অবস্থায় ইউরোপীয় দেশগুলো নিজেদের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। সূত্র: আলজাজিরা