৩৪ বছর পর আজ আলোচনার টেবিলে লেবানন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি যোগাযোগ হতে যাচ্ছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছেন। তার ভাষায়, দীর্ঘদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, তবে আজ সেই যোগাযোগ শুরু হতে যাচ্ছে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলে চালানো হামলা ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল প্রায় প্রতিদিন লঙ্ঘন করছে—এ অভিযোগে লেবাননের পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়।

গত ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় বারো লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে একটি বাফার জোন তৈরির চেষ্টা করছে বলেও জানা গেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন।

লেবানন সরকার অবশ্য এই সংঘাতে সরাসরি জড়িত নয় বলে জানিয়েছে। তারা যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970