ইরান যুদ্ধ ইস্যুতে প্রভাবশালী দুই মিডিয়ার উপর চরম চটেছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনা নিয়ে সংবাদ প্রকাশ করায় দেশটির দুটি প্রভাবশালী গণমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি টেলিভিশন চ্যানেল সিএনএনকে ‘নির্বোধ’ বলে আখ্যা দেন এবং দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজের বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মতে, বিভিন্ন প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, বাস্তবে দেশটির তেমন শক্তি আর অবশিষ্ট নেই। তবে প্রতিপক্ষের অবস্থান বোঝার জন্যই তিনি সিএনএন দেখেন বলেও জানান।
ট্রাম্প অভিযোগ করেন, এই দুই গণমাধ্যম এমনভাবে সংবাদ পরিবেশন করছে, যেন যুদ্ধে ইরান এগিয়ে রয়েছে। বিশেষ করে নিউইয়র্ক টাইমসের কিছু প্রতিবেদন উচ্চপর্যায়ের প্রভাবের ফল বলে দাবি করেন তিনি, যা তার ভাষায় উদ্বেগজনক।
ইরানের সামরিক শক্তি নিয়ে তার কোনো উদ্বেগ নেই বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক বিশ্লেষণে উল্লেখ করে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। বিশ্লেষণে বলা হয়, বিচ্ছিন্ন সাফল্য বড় ধরনের জয় নিশ্চিত করতে পারছে না; বরং এতে ওয়াশিংটনের অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠতে পারে।