শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:২৫ পিএম
তুরস্ক প্রথমবারের মতো তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়িলদিরিমহান উন্মোচন করেছে। গত ৫ মে ইস্তানবুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী সাহা এক্সপোতে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়।
তুরস্কের দাবি অনুযায়ী, এটি দেশটির সবচেয়ে দীর্ঘপাল্লার এবং প্রথম তরল জ্বালানিচালিত হাইপারসনিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসির গুলের বলেন, ইয়িলদিরিমহান তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি নতুন যুগের সূচনা করেছে। প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ছয় হাজার কিলোমিটার এবং এটি শব্দের গতির প্রায় ২৫ গুণ দ্রুতগতিতে চলতে সক্ষম।
ক্ষেপণাস্ত্রটিতে চারটি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এতে তরল জ্বালানির একটি বিশেষ প্রযুক্তি ব্যবহারের কথা জানানো হয়েছে। তুর্কি ভাষায় ইয়িলদিরিম শব্দের অর্থ বজ্র, আর ইয়িলদিরিমহান অর্থ বজ্রের শাসক।
উন্মোচনের সময় ক্ষেপণাস্ত্রটির গায়ে অটোমান সাম্রাজ্যের সুলতান প্রথম বায়েজিদের প্রতীক এবং আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক সংযোজন করা হয়।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। এর আগে প্রতিষ্ঠানটি টাইফুন ব্লক ফোর নামে আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল, যার সম্ভাব্য পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার বলে ধারণা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কারণে অনেক দেশই তাদের প্রকৃত সামরিক সক্ষমতা প্রকাশ করে না। তুরস্কও এসব কাঠামোর অংশ হওয়ায় ইয়িলদিরিমহানের প্রকৃত সক্ষমতা নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।