শুভেন্দুর শপথের আগেই বিধানসভা থেকে সরানো হলো মমতার নামফলক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:০৫ এএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আগেই শুরু হয়েছে প্রশাসনিক পরিবর্তন। বিধানসভা ভবন থেকে সরিয়ে ফেলা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার সদস্যদের নামফলক।

শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পর থেকেই কলকাতাজুড়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আর বিরোধী দলনেতা হিসেবে নয়, মুখ্যমন্ত্রী হিসেবেই বিধানসভায় প্রবেশ করবেন শুভেন্দু অধিকারী। তার জন্য প্রস্তুত করা হয়েছে মুখ্যমন্ত্রীর পুরোনো দপ্তর। সেখানে নতুন সাজসজ্জা ও সংস্কার কাজ চলছে।

এদিকে প্রায় চার বছর পর খুলে দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। শুক্রবার সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সরিয়ে ফেলা হয় তার নামফলক। জানা গেছে, নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কর্মীদের জন্য ওই কক্ষ ব্যবহার করা হবে।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, সাবেক সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাবেক উপ-প্রধান সরকারি সচেতক দেবাশিস কুমার এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামফলকও খুলে ফেলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী সোমবার থেকেই বিধানসভার নির্দিষ্ট দপ্তরে বসবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচলে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970