শি-ট্রাম্পের ২ ঘণ্টার বৈঠক শেষ, গুরুত্ব পেল যেসব বিষয়

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে। বেইজিংয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন স্পর্শকাতর বিষয় গুরুত্ব পেয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত বৈঠকে মূলত বাণিজ্য সংঘাত, প্রযুক্তিগত প্রতিযোগিতা, তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়।

বিশ্বজুড়ে এই বৈঠক ঘিরে ব্যাপক আগ্রহ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো নাটকীয় অগ্রগতির খবর পাওয়া যায়নি। বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পের সম্মানে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার আয়োজন করেন শি জিনপিং।

বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা দেন চীনের প্রেসিডেন্ট। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং সতর্ক করে বলেছেন, তাইওয়ানকে কেন্দ্র করে তৈরি হওয়া মতপার্থক্য দুই পরাশক্তিকে সরাসরি সংঘাত কিংবা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

গত ডিসেম্বর ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দেয়। যদিও এখনো সেই অস্ত্র সরবরাহ শুরু হয়নি। বেইজিং দীর্ঘদিন ধরেই এ পদক্ষেপকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখে আসছে।

অন্যদিকে ট্রাম্প এই সফরে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি আশা করছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিপণ্য এবং যাত্রীবাহী বিমান কিনতে সম্মত হবে। এছাড়া দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে বিশেষ বোর্ড গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা মূল্যস্ফীতি এবং ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে এই পরিস্থিতি সামাল দিতেই চীন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি।

ইরান যুদ্ধ বন্ধের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বন্ধ এবং জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে চীনের প্রভাব কাজে লাগাতে চেয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের আগে এ বিষয়ে তার আগের কঠোর অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বেইজিং তেহরানের ওপর চাপ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। তবে বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল সম্পর্কের টানাপড়েন কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

সূত্র: এপি নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970