ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, ‘আমরা স্বাধীন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়েছে তাইওয়ান। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করার পরই এ প্রতিক্রিয়া জানায় দ্বীপটির সরকার।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। একইসঙ্গে তারা স্পষ্ট করে জানিয়েছে, তাইওয়ান কখনোই গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।
মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পুনর্বিবেচনার ইঙ্গিতের পর বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ।
তাইওয়ানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র বিক্রয় চুক্তি শুধু ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’-এ উল্লেখিত নিরাপত্তা অঙ্গীকারই নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় যৌথ প্রতিরোধ ব্যবস্থার অংশ।
এদিকে তাইওয়ানের এমন বক্তব্য এসেছে ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক পরপরই। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের প্রতি সমর্থন না দেওয়ার আহ্বান জানান বলে জানা গেছে।
চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে।
সূত্র: বিবিসি