মাঝ আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে সামরিক বিমান প্রদর্শনী চলাকালে মাঝ আকাশে দুইটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়।

রোববার মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে আয়োজিত এ প্রদর্শনীর সময় দুর্ঘটনাটি ঘটে। আয়োজকদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘাঁটির উত্তর-পশ্চিম দিকে প্রায় দুই মাইল দূরে বিমান দুটি ভূপাতিত হয়।

দুর্ঘটনার সময় বিমানে থাকা পাইলট ও ক্রুরা দ্রুত প্যারাশুট ব্যবহার করে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুইটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মধ্যে এ সংঘর্ষ ঘটে। বিমান দুটিতে থাকা চারজন ক্রুই সময়মতো ইজেক্ট করে প্রাণে রক্ষা পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি দ্রুত নিচে পড়ে যায়। মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সময়ে চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতেও দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক ছিল।

ঘটনার পর পুরো বিমান প্রদর্শনী বাতিল করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সামরিক ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970