আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামাতিদের চিড়বিড়ানি বেড়ে গেছে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কড়া অবস্থানের কথা জানিয়েছেন। সোমবার (১৮ মে) কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে ভবানীপুর কেন্দ্রে পরাজিত করার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়েও বাংলাদেশের জামায়াতপন্থিদের অস্বস্তি বেশি বেড়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সীমান্তে দ্রুত কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি সরকার রাষ্ট্র ও দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি নিজেকে সাধারণ মানুষের ‘ভাই’ উল্লেখ করে বলেন, ভয় বা চাপের কাছে মাথা নত করার মানুষ তিনি নন।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, তোলাবাজি বা সিন্ডিকেট কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। এসব ঘটনায় সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’।

তিনি জানান, পার্ক সার্কাসের ঘটনায় ইতোমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে একই দিনে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে পরিচালিত বিভিন্ন ভাতা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বন্ধ করা হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, সরকারের মূল দায়িত্ব শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ভাতার জন্য বরাদ্দ অর্থ এখন থেকে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে ব্যয় করা হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হতে পারে।

অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকেও তীব্র সমালোচনা করেন তিনি। শুভেন্দু দাবি করেন, মমতা ব্যানার্জি নিজের এলাকার বুথগুলোতেও পরাজিত হয়েছেন এবং তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিসহ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে যারা সম্পদ গড়েছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970