চীনে খোঁজ মিলল নতুন রহস্যময় ‘দুই মাথাওয়ালা’ সাপের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

চীনে নতুন এক প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন গবেষকেরা, যাকে বলা হচ্ছে ‘দুই মাথাওয়ালা’ সাপ। তবে এটি জন্মগতভাবে দুই মাথার নয়। বরং শিকারিদের বিভ্রান্ত করতে বিশেষ এক আত্মরক্ষামূলক কৌশল ব্যবহার করে সাপটি। আর সেই কারণেই একে এমন নামে ডাকা হচ্ছে।

জার্মানি ও বুলগেরিয়া থেকে প্রকাশিত ‘জুসিস্টেমেটিকস অ্যান্ড ইভল্যুশন’ সাময়িকীতে এ সংক্রান্ত গবেষণা প্রকাশিত হয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের গুয়াংজি অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের গবেষকেরা দক্ষিণ চীনের হুয়াপিং জাতীয় প্রকৃতি সংরক্ষিত এলাকায় সাপটির খোঁজ পান। ভিয়েতনাম সীমান্তঘেঁষা গুয়াংজি ঝুয়াং অঞ্চলে বন্য প্রাণী জরিপের সময় এটি শনাক্ত করা হয়।

বিজ্ঞানীরা সাপটির নাম দিয়েছেন ‘গুয়াংজি রিড স্নেক’। এর বৈজ্ঞানিক নাম ক্যালামারিয়া ইনক্রেডিবিলিস। গবেষকদের ভাষ্য, সাপটি নিজের মোটা ও গোলাকার লেজকে দ্বিতীয় মাথার মতো ব্যবহার করে শত্রুকে ভয় দেখায়। লেজে মাথার মতো দাগ থাকায় সহজেই বিভ্রান্ত হয় শিকারি প্রাণীরা।

ভয় পেলে সাপটি শরীরকে ৮ সংখ্যার মতো পেঁচিয়ে ফেলে। আবার কখনো লেজ উঁচু করে এমন ভঙ্গি করে, যেন সেটিই আরেকটি মাথা। এই অভিনব কৌশলই একে অন্য সাপ থেকে আলাদা করেছে।

নতুন এই সাপটি আকারে ছোট। এর দৈর্ঘ্য প্রায় আট ইঞ্চির কম। এটি সম্পূর্ণ বিষহীন। পিঠজুড়ে সাতটি গাঢ় ডোরাকাটা দাগ এবং বাদামি আঁশের কারণে সহজেই চেনা যায়।

গবেষকেরা জানিয়েছেন, গুয়াংজি রিড স্নেক মূলত নিশাচর। দিনের বেশির ভাগ সময় শুকনো পাতার নিচে, পাথরের ফাঁকে কিংবা মাটির নিচে লুকিয়ে থাকে। কেঁচো ও নরম পোকামাকড়ের লার্ভা এদের প্রধান খাদ্য।

বিজ্ঞানীদের মতে, স্বভাবে শান্ত হলেও বিপদ টের পেলেই সাপটি নিজের ‘দ্বিতীয় মাথা’ দেখিয়ে শত্রুকে বিভ্রান্ত করে। এই আচরণই গবেষকদের সবচেয়ে বেশি বিস্মিত করেছে।

গবেষকেরা আরও জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন ও কম্বোডিয়ার বিভিন্ন এলাকায় একের পর এক নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন সাপ, টিকটিকি, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী। এসব আবিষ্কার প্রমাণ করে, সংরক্ষিত বনাঞ্চল ও অভয়ারণ্য জীববৈচিত্র্য রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970