আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তান নতুন করে আফগানিস্তানে হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসলামাবাদ এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার পর এ হুঁশিয়ারি এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালানোর জন্য তালেবান সরকারের আশ্রয়ে রয়েছে, আর এই কারণে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত কয়েকদিনে পাকিস্তানের ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব হামলার ফলে পাকিস্তানে চরম উত্তেজনা দেখা দেয়। ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। এর পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সন্ত্রাসী হামলার জন্য আফগান তালেবান সরকারকে দায়ী করে বলেন, "তালেবান সরকারের আশ্রয়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোই আমাদের ওপর হামলা চালাচ্ছে।"

আসিফ বলেন, "এ ধরনের হামলার পর আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা অস্বীকার করা যায় না।" তিনি আফগান তালেবান সরকারের নিন্দাকে "অবিশ্বাস্য" উল্লেখ করে বলেন, "তালেবান সরকার সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের আমাদের ওপর হামলা চালাতে সহায়তা করছে।"

তিনি আরও বলেন, পাকিস্তান কখনও আগ্রাসন শুরু করবে না, তবে তার দেশ ওপর কোনো হামলা হলে তা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। "ভারত বা আফগানিস্তান কেউ যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান শক্তিতে প্রতিউত্তর দেবে," বলেও জানান তিনি।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তান এখন "এক ধরনের যুদ্ধের মধ্যে" রয়েছে। তিনি বলেন, "যারা মনে করছে পাকিস্তান শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদে এই আত্মঘাতী হামলা তাদের চোখ খুলে দেবে।"

পাকিস্তানের সেনাবাহিনীর "সন্ত্রাসবিরোধী যুদ্ধ" সারা দেশে চলছে এবং সেনাবাহিনীর ত্যাগের ফলে পাকিস্তান বর্তমানে নিরাপত্তা অনুভব করছে বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ আরও বলেন, আফগান তালেবান সরকারের সাথে আলোচনার বিষয় নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি বলেন, "কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারত, কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।"

পাকিস্তান এই হামলাকে নিজেদের স্পষ্ট বার্তা হিসেবে দেখছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসলামাবাদ হামলা আমাদের জন্য স্পষ্ট বার্তা দিয়েছে, ‘তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে’।” তিনি সাফ জানিয়ে দেন যে, পাকিস্তান সীমান্ত বা শহর, কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার কঠোর জবাব দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970