হোয়াইট হাউসে মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:২৪ এএম
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এক পোস্টে লিখেছেন, “আমরা সম্মত হয়েছি যে আগামী ২১ নভেম্বর, শুক্রবার হোয়াইট হাউসে আমাদের সাক্ষাৎ হবে।”
এর আগেই সাক্ষাৎ প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন মামদানি। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় নিউইয়র্কের ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমার টিম হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।”
তবে ট্রাম্পের পোস্টের পর সাংবাদিকরা মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলেও কেউই এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানিকে বাধা দিতে বিশেষ প্রচেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ অর্থ তিনি আটকে দেবেন। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের তথ্যমতে, তার বিরুদ্ধে প্রচার-প্রচারণায় প্রায় ২৪০ কোটি ডলার ব্যয় হয়েছে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে।
তবে এত বাধা পেরিয়েও বিজয়ী হয়েছেন জোহরান মামদানি। তিনি পেয়েছেন মোট ভোটের ৫০ শতাংশ। আগামী ১ জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।