জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলনে একটি প্রদর্শনী প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আগুন লাগার সঙ্গে সঙ্গে সম্মেলনের আলোচনা ব্যাহত হয় এবং দ্রুত হাজারো প্রতিনিধিকে ভবন থেকে বের করে আনা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
জলবায়ু ইস্যুতে বৈশ্বিক অঙ্গীকার জোরদারের লক্ষ্যে নতুন চুক্তির আহ্বান জানিয়ে দিনের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে আগুন লাগে বলে জানা যায়।
আগুনের কারণে সম্মেলনস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে, উপস্থিত শতাধিক দেশের প্রতিনিধিদের দ্রুত বাইরে সরে যেতে দেখা যায়। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এদিকে, জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ তৈরির চাপ থাকলেও ব্রাজিলের উপস্থাপিত খসড়া চুক্তিতে তা অন্তর্ভুক্ত ছিল না। আলোচকরা জানিয়েছেন, নথি নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট নির্গমনই বৈশ্বিক উষ্ণায়নের সবচেয়ে বড় কারণ বলে গবেষকরা উল্লেখ করেছেন।
কপ-৩০ সম্মেলন সোমবার থেকে শুরু হয়েছে এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি পরিত্যাগসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো নিয়েই বিশ্বের দৃষ্টি এখন বেলেমের দিকে।