ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন। হারেত হরেইক এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রবিবার চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করেছে।

সংগঠনের বিবৃতিতে তাবাতাবাইয়ের আনুষ্ঠানিক পদ উল্লেখ না থাকলেও তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পর এটাই ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাবাতাবাইকেই লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তিনি “নিষ্ক্রিয়” হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও জানায়, অভিযানটির মূল টার্গেট ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধ চলাকালে তাকে হত্যার এটি তৃতীয় চেষ্টা।

হিজবুল্লাহর সিনিয়র নেতা মাহমুদ ক্বোমাতি হামলাকে “রেডলাইন অতিক্রম” বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ঘটনার ফলে লেবাননজুড়ে সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং প্রতিক্রিয়া জানানো হবে কি না—তা সংগঠনটির নেতৃত্ব বিবেচনা করছে।

১৯৬৮ সালে বৈরুতে জন্ম নেওয়া তাবাতাবাইয়ের মা লেবানিজ এবং বাবা ইরানি। তিনি দক্ষিণ লেবাননে বেড়ে ওঠেন এবং মাত্র ১২ বছর বয়সে হিজবুল্লাহতে যোগ দেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ২৮ জন। সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, আল-আরিদ স্ট্রিটের ওই ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যাতে ভবনটি এবং আশপাশের গাড়ি ও স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970