মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, ৯ শিশু নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে মধ্যরাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এমন অভিযোগ করেছে তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু এবং একজন নারী রয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা তালেবানের বরাত দিয়ে জানিয়েছে, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।
মুজাহিদ আরও অভিযোগ করেছেন, শুধু খোস্ত নয়, উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।