৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে ঘটে।
উৎপত্তিস্থলের আশপাশের মানুষ এটি স্পষ্টভাবে অনুভব করেন। ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ৬ দশমিক ৩ রেকর্ড করা হয়।
এ ভূমিকম্পে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা কম। তবে জিনিসপত্র পড়ে যাওয়া, জানালা ভেঙে যাওয়ার মতো ক্ষয়ক্ষতি ঘটতে পারে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়েছিলেন। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নেমে আসার দৃশ্য লক্ষ্য করা গেছে। নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া সেই কম্পনে অন্তত ১০ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন।