আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩১ এএম

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার দপ্তরে এ–সংক্রান্ত নির্দেশনাও পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে ভিসা দেওয়া যাবে না এবং যাদের ভিসা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে—তা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।

এতে আরও জানানো হয়েছে, এখন থেকে অভিবাসী, অ–অভিবাসী এবং বিশেষ অভিবাসন ভিসা—সব ধরনের ভিসা বন্ধ থাকবে আফগান নাগরিকদের জন্য। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা আফগানদের ভিসাও বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আফগানিস্তানের পাসপোর্টধারী সবাইকে ভিসা দেওয়া বন্ধ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালান আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে দু’জন গার্ড সদস্য গুরুতর আহত হন এবং পরে একজন মারা যান। তদন্তে জানা যায়, লাকনওয়াল পূর্বে আফগানিস্তানে মার্কিন–ন্যাটো বাহিনীর অভিযানের সময় সিআইএ-এর হয়ে কাজ করতেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় পান।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের জন্য যেসব আফগান আবেদন করেছিলেন, তাদের সব আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে তারবার্তা পাঠানোর মাধ্যমে সিদ্ধান্তটি আরও আনুষ্ঠানিক হয়।

২০২১ সালে বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণা দিলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা আফগানরা তালেবানের প্রতিশোধের আশঙ্কায় পড়েন। তাদের নিরাপত্তা দিতে বিশেষ ভিসার আওতায় প্রায় দুই লাখ আফগানকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে তাদের সবার ভিসাই বাতিল হয়েছে।

এ প্রসঙ্গে মার্কিন অলাভজনক সংস্থা ‘আফগান ইভ্যাক’-এর প্রেসিডেন্ট শন ভ্যানডিভার বলেছেন, “এমন পদক্ষেপ নেবে—এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। ট্রাম্প প্রশাসন অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970