পাকিস্তানের হামলায় নিহত ২৩ আফগান সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুই দিনের পাল্টাপাল্টি হামলায় আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান সেনা নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ—এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে গোলাগুলির ঘটনাটি ঘটে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সদস্যরা যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে পাকিস্তান সীমান্তরক্ষীদের ওপর গুলি ছোড়ে।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরে উত্তেজনা বাড়লে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান তালেবানদের অন্তত তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সূত্র দাবি করেছে, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়াতে পাকিস্তানি বাহিনী লক্ষ্যভেদী ও নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। তবে প্রথম ধাপের গোলাগুলির পর তালেবান যোদ্ধারা জনবহুল এলাকায় সরে গিয়ে সেখান থেকেও গুলি ছোড়ে বলে পাকিস্তানের দাবি। এরপর ওই এলাকাতেও পাকিস্তান সেনারা পাল্টা ভারী অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় এখনো কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। তালেবান সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।