উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসছে মঙ্গলবার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গুরুত্বপূর্ণ রদবদল আসতে যাচ্ছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে উপদেষ্টাদের বিরুদ্ধে সমালোচনা তীব্র হওয়ায় এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সূত্র মতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার পর থেকেই উপদেষ্টা পরিষদে পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৬ মাসে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে।

এরই মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন কারণে সমালোচিত হন এবং সম্প্রতি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানিয়ে তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

অন্যদিকে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার তিন মাসের মাথায় জামিন পাওয়ায় আইন উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আইন উপদেষ্টা দাবি করেন, ওই জামিনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টিতে প্রভাবশালী আইনজীবীরা জড়িত।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই দুই উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পদত্যাগের দাবি উঠে আসছে। তবে আগামীকালের সম্ভাব্য রদবদলে কারা অন্তর্ভুক্ত হচ্ছেন বা বাদ পড়ছেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970