দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বাজরং দলসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিচার দাবি করা হয়।
বিক্ষোভকারীরা বিশেষভাবে ময়মনসিংহে এক হিন্দু তরুণ শ্রমিক হত্যার ঘটনার প্রতিবাদ জানান। কর্মসূচি চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশবিরোধী স্লোগান দেওয়া হয় এবং কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে নিরাপত্তা বাহিনী হাইকমিশন ভবন থেকে প্রায় ৫০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বহুস্তরের ব্যারিকেড স্থাপন করা হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনী সতর্ক অবস্থানে থাকে। এর আগে শনিবার রাতে একই কূটনৈতিক এলাকায় বাংলাদেশের হাইকমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বাংলাদেশি কর্মকর্তারা।
এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব ঘটনার জেরে কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লি, শিলিগুড়ি, আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু তদন্ত, দোষীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থিত সব কূটনৈতিক মিশন ও কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।