সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয় এবং আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।