জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা নেই: প্রেস সচিব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তার মতে, বাংলাদেশের রাজনীতিতে দলটির ভবিষ্যৎ তিনি দেখছেন না।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশে বসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছেন। তারা দাবি করছেন, তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখো তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।
শফিকুল আলম অভিযোগ করে বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। বর্তমানে মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখন এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও আর কোনো সুফল মিলবে না।
তিনি আরও বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জনগণের আস্থা ফিরে পেতে হলে অতীতের ভুল স্বীকার করার বিকল্প নেই।
এ সময় হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। খুনি কোথায় রয়েছে, সে বিষয়ে পুলিশ যা তথ্য পেয়েছে, তা পরে গণমাধ্যমকে জানানো হবে।
পরিদর্শনকালে নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী শ্রী চিন্ময়ানান্দ চঞ্চল, তরুণ ভৌমিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।