ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। তিনি দাবি করেন, এই সরকারের মাধ্যমে দেশ এখন আগ্রাসী প্রভাবের বাইরে এসে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘এই সরকার আসার পর ভারতের আগ্রাসী ভূমিকা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। এখন আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে স্বাধীনভাবে নিজের অবস্থান তুলে ধরতে পারছে দেশ।’

তিনি বলেন, সরকারের কিছু বিষয়ে সমালোচনা যৌক্তিক হলেও অনেক ক্ষেত্রে তা মাত্রাতিরিক্ত ও নির্মম হয়ে ওঠে। ‘১০টি কাজের মধ্যে সরকার যদি ৪টি করতে পারে, সেগুলো স্বীকার না করে শুধু যেগুলো করা যায়নি সেগুলো নিয়েই সমালোচনা করা হয়—এটি ঠিক নয়,’ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দের ক্ষমতা উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে, যা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে একটি বড় সংস্কার। এটি ভবিষ্যতে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সংস্কার কোনো জাদুকরি বিষয় নয় যে সঙ্গে সঙ্গে ফল দেবে। গুম কমিশনের কাজকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং বলেন, সেই অভিজ্ঞতার আলোকে একটি শক্তিশালী মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে।

আসিফ নজরুল দাবি করেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার আইন আরও উন্নত। খুব শিগগিরই এই আইনের আওতায় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ব্যবস্থাপনাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970