ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ প্রার্থীর মনোনয়ন বৈধ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষে ৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) ইসিতে মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
ইসি জানিয়েছে, দ্বিতীয় দিনের শুনানিতে ৭০টি আপিলের মধ্যে ৫৭টি মঞ্জুর করা হয়েছে। এছাড়া বিভিন্ন কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং আরও ৬ জনের আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও রোববার মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে শনিবার ১ থেকে ৭০ নম্বর এবং রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।