গত বছর ১২৬টি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা: রিউমার স্ক্যানার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশকে কেন্দ্র করে অন্তত ১২৬টি ঘটনায় ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানোর প্রমাণ পেয়েছে দেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এসব অপতথ্যের বড় একটি অংশ ভারত থেকে পরিচালিত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিউমার স্ক্যানারের তথ্যমতে, ২০২৫ সালে প্ল্যাটফর্মভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—বাংলাদেশ নিয়ে ভারতীয়দের ছড়ানো অপতথ্যের মধ্যে ফেসবুকে ৫৪টি, ইনস্টাগ্রামে ৩০টি, ইউটিউবে ২৫টি, টিকটকে ১টি এবং ভারতীয় গণমাধ্যমে ৩৮টি ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সাল থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং দেশীয় কিছু ফেসবুক আইডি থেকে বাংলাদেশকে জড়িয়ে গুজব ও অপতথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপপ্রচারে অন্তর্বর্তীকালীন সরকার, খাগড়াছড়ি ইস্যু এবং চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রিউমার স্ক্যানার জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য তারা যাচাই করে শনাক্ত করেছে। এসব অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সামাজিক অস্থিরতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।