পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না এবং তথাকথিত মব ভায়োলেন্স বলে কিছু নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই তিনি জনসমর্থন হারাবেন। তবে সীমা অতিক্রম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং এসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এ সময় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।