পাকিস্তান থেকে স্বল্প মূল্যে মালবাহী ওয়াগন ও বগি কিনবে বাংলাদেশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

স্বল্প মূল্যে পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ ও লাহোরে অবস্থিত পাকিস্তান রেলওয়ের মুঘলপুরা কারিগরি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তারা ট্রেনের বগি, ওয়াগনসহ বিভিন্ন রেলওয়ে সরঞ্জাম তৈরির প্রক্রিয়া সরাসরি পরিদর্শন করেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধি দলকে কারখানার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং চলমান প্রকল্প সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ওয়ার্কশপের কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

পরে প্রতিনিধি দল মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে তারা ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। সফরটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। এ প্রসঙ্গে কর্মকর্তা মুহাম্মদ নাসির খালিলি জানান, প্রযুক্তিগত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই পাকিস্তান সফর করবে। তিনি দ্য ডনকে বলেন, বাংলাদেশ ওয়াগন ও বগি কেনার বিষয়ে আগ্রহ দেখালেও এ বিষয়ে ভারতের সঙ্গেও আলোচনা চলছে।

এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে টু রেলওয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970