ভোট দিয়ে রাজধানীর কেন্দ্রগুলো পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিজে ভোট দেওয়ার পর তিনি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
প্রথমে তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার একটি ভোটকেন্দ্রে পৌঁছান। এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী। পরে তিনি ঢাকা-১১ আসনের কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর ঢাকা-১৫ আসনের কেন্দ্রেও যান তিনি। ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রার্থী হিসেবে রয়েছেন।
প্রধান উপদেষ্টা কেন্দ্রগুলোতে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি খতিয়ে দেখেন।
এর আগে ড. মোহাম্মদ ইউনূস গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকের দিনটি আনন্দময়। ঈদের মতো একটি উৎসব চলছে।” তিনি দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার অনুরোধ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা জানান।