ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা: খাগড়াছড়িতে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
তবে ঘটনার মূল অভিযুক্ত কিশোরীর সঙ্গে কোনো ধর্ষণের ঘটনা হয়নি। মেডিকেল রিপোর্ট ও খাগড়াছড়ি সিভিল সার্জনের অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউপিডিএফ ভারতের মিজোরামে অবস্থিত ছয়টি ক্যাম্প থেকে অস্ত্র ও প্রশিক্ষণ গ্রহণ করে বাংলাদেশে প্রবেশ করছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত এক বছরে ইউপিডিএফের অর্ধশতাধিক সশস্ত্র সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাশিয়ান তৈরি এসএমজি, একে-৪৭, এলএমজি প্রভৃতি।
ইউপিডিএফের বর্তমানে নেতৃত্বে রয়েছেন:
সভাপতি: প্রসিত বিকাশ খীসা
সহসভাপতি: উজ্জ্বল স্মৃতি চাকমা, নতুন কুমার চাকমা
সাধারণ সম্পাদক: রবি শংকর চাকমা
সাংগঠনিক সম্পাদক: সচিব চাকমা
সংগঠনের তিনটি শাখা: পাহাড়ি ছাত্র পরিষদ, হিল ওমেনস ফেডারেশন, ডিমোক্রেটিক ইয়ুথ ফোরাম, মোট সদস্যসংখ্যা প্রায় ১,২০০, যার মধ্যে সশস্ত্র সদস্য ৩৭০–৪২০ জন।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত এক বছরে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো ৩৩২ কোটি টাকা চাঁদা তুলেছে, যার মধ্যে ইউপিডিএফের অংশ ১০৪ কোটি। ২০০৯ থেকে এ পর্যন্ত ইউপিডিএফ ৩৩২ জনকে অপহরণ এবং ৮৯ জনকে হত্যা করেছে।
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, ধর্ষণসহ যে কোনো অভিযোগের যথাযথ বিচার হবে। তবে অস্থিরতা সৃষ্টির জন্য বাহির থেকে প্ররোচনা গ্রহণ করা মোটেও গ্রহণযোগ্য নয়।