মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না, কেউ আমাকে সান্ত্বনা দিতে আসবেন না: গয়েশ্বর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমি মন্ত্রিত্ব হওয়ার জন্য রাজনীতি করি নই। কেউ আমাকে সান্ত্বনা দিতে আসবেন না। যদি আসেন, আমি মনে করব আমাকে অপমান করা হচ্ছে। ভোট দিয়েছি মন্ত্রিত্বের জন্য নয়, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুরে নিজের বাড়িতে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রশাসনকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো দলীয় নেতা বা কর্মীকে খুশি করতে প্রশাসন যদি আইনের বাইরে চলে, আমি সংসদে তার বিরুদ্ধে কথা বলব। মন্ত্রী বা সংসদ সদস্যকে খুশি করা প্রশাসনের দায়িত্ব নয়। তিনি দীর্ঘ সময় ধরে প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে বলেন, “হাসিনার ১৭ বছর প্রশাসনকে দলীয়করণ করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না।”
সভায় নেতাকর্মীদের সতর্ক করে তিনি উল্লেখ করেন, বিএনপির থানার কমিটির অনুমতি ছাড়া কেউ থানায় কোনো কাজে যেতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এবং কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সকল স্তরের নেতাকর্মীরা।