রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি রমানাথ পূজারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের আগে রমানাথ পূজারি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন, যেখানে প্ল্যান্ট পরিচালনা, দক্ষতা উন্নয়ন ও পরিবেশগত নিয়মকানুন মেনে চলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে এমএসটিপিপি-তে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় পর্যায়ে সামাজিক ও টাউনশিপ উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন রমানাথ। ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই. ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ ও যুক্তরাষ্ট্রের হারবার্ড বিজনেস স্কুলে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
১৯৮৯ সালে তিনি এনটিপিসি লিমিটেডে যোগদান করেন এবং বিদ্যুৎ খাতে ৩৬ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্মজীবনে তিনি এনটিপিসির করপোরেট সেফটি বিভাগ, ছত্তিশগড়ের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতার সিপাত পাওয়ার স্টেশন ও পরিকল্পনা ও আঞ্চলিক অপারেশন সার্ভিস বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে পরিচালিত রামপাল বিদ্যুৎকেন্দ্র ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এবং দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১১.৫ শতাংশ সরবরাহ করে। বিদ্যুৎকেন্দ্রটি টানা দুই মাসের মতো রেকর্ড উৎপাদন অর্জন করে টেকসই পরিচালনার দক্ষতা প্রমাণ করেছে।