মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক জাকারিয়া তাহের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয় দীর্ঘ দেড় দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের অন্যতম কেন্দ্র ছিল এই ভবন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় সেখানে কার্যত অবরুদ্ধ থাকা এবং কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো আলোচিত ঘটনাও এই প্রাঙ্গণেই ঘটেছে।
দীর্ঘদিন ধরে অনেকেই ভবনটিকে বিএনপির নিজস্ব সম্পত্তি মনে করলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।
কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলালের তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে বিজয়ী হন। আসনের সব কেন্দ্রেই তিনি জয়লাভ করেন।
হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা। এতে তিনি নতুন মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।
১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তার বাবা এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পান।
রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাবা এ কে এম আবু তাহের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। বর্তমানে জাকারিয়া তাহের ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও বরুড়া এলাকায় তাহের পরিবার পরিচিত।