নির্ধারিত সময়ে অফিসে আসেননি কেউ, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি অফিস তালাবদ্ধ দেখতে পান।

সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্তও অফিস খোলা হয়নি। এ সময় প্রতিমন্ত্রী নিজেই অফিসের বারান্দায় বসে সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন। প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা জানেন।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কাউকে উপস্থিত না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে এমন গাফিলতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত এক সেবাগ্রহীতা জানান, নামজারি সংক্রান্ত আবেদন জমা দেওয়ার পর পরবর্তী কার্যক্রম জানতে সকাল সাড়ে ৮টার দিকে তিনি অফিসে আসেন। কিন্তু এসে দেখেন অফিস বন্ধ। নির্ধারিত সময়ে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নাগরিকদের সেবা পাওয়ার অধিকার সমুন্নত রাখতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসগুলোকে ঘিরে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যাবেন, যাতে সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সেবা পান।

নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু না হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে ভূমি অফিস সংক্রান্ত নেতিবাচক সংবাদ যেন আর প্রকাশ না হয় এবং জনগণ সময়মতো ও হয়রানিমুক্ত সেবা পান—সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970