সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
দেশের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য প্রশাসনের প্রতিটি পর্যায়ে দুর্নীতি মোকাবিলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য অর্জনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ সময় বিদেশি কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাজে সহনশীলতার পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কাজ করছে।