চীন থেকে দেড় হাজার কোটি টাকার ২০টি ইঞ্জিন পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন সংকট নিরসনে চীন সরকার ২০টি মিটারগেজ ইঞ্জিন অনুদান হিসেবে দিচ্ছে। এসব ইঞ্জিনের মোট সম্ভাব্য মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা হলেও সম্পূর্ণ ব্যয় বহন করবে চীন। খসড়া প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন পেয়েছে এবং আনুষ্ঠানিকতা শেষ হলে দুই বছরের মধ্যে ইঞ্জিনগুলো দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।
রেলের মিটারগেজ ইঞ্জিনের ঘাটতি এতটাই প্রকট যে প্রতিদিন যাত্রী ও মালবাহী ট্রেনের একাধিক যাত্রা বাতিল করতে হচ্ছে। শুধু জুন মাসে পূর্বাঞ্চলে ৪৩৫টি ট্রেন চলাচল বাতিল হয়েছে। চট্টগ্রাম বন্দরে ইঞ্জিন অভাবে এক হাজারের বেশি কনটেইনার আটকে আছে।
এর আগে ২০২০–২০২৩ সালে ভারত বাংলাদেশকে ৩০টি পুরোনো ব্রডগেজ ইঞ্জিন দিয়েছিল, কিন্তু সেগুলো বিদ্যুতায়িত রেলপথে ব্যবহার অযোগ্য ছিল। চীন প্রথমবারের মতো ইঞ্জিন দিচ্ছে। অনুদান কার্যকর হলে চীন হবে বাংলাদেশের দশম ইঞ্জিন নির্মাতা দেশ।
প্রকল্পের মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৬৩৫ কোটি টাকা, যার মধ্যে ইঞ্জিন কেনা, পাঁচ বছরের খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত। চীন বহন করবে ১,৫৯১ কোটি টাকা, বাংলাদেশকে ব্যয় করতে হবে প্রায় ৪৪ কোটি টাকা, যা শুল্ক ও কর বাবদ।
গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরে বিষয়টি আলোচনায় আসে এবং পরে চীন সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।