জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায়
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
প্রশাসক আরও জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
তিনি বলেন, বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত অংশে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
মো. আব্দুস সালাম জানান, মুসল্লিদের সুবিধার্থে অজু, পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসা দল ও রোগীবাহী গাড়ি প্রস্তুত থাকবে। নারী মুসল্লিদের জন্য আলাদা অংশ ও প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে এবং নামাজ আদায়ের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।