ঈদের তারিখ নির্ধারণে কাল বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ করে এই বৈঠক থেকেই নির্ধারণ করা হবে কবে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
এদিকে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশেষ অনুরোধ জানিয়েছে।
চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য নির্ধারিত কয়েকটি টেলিফোন নম্বর চালু থাকবে। নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।
ঈদের তারিখ ঘোষণার অপেক্ষায় এখন পুরো দেশের মানুষের দৃষ্টি রয়েছে এই বৈঠকের দিকে।