জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। মুসল্লিদের সুবিধার্থে নেওয়া হয় বিভিন্ন আয়োজন।

নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের বিশেষ ব্যবস্থা। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়।

মুসল্লিদের সুবিধার জন্য পর্যাপ্ত অজুখানা এবং চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল দল প্রস্তুত রাখা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার ছিলেন নারী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970