বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পেছালো বাংলাদেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এই সূচক প্রকাশ করেছে। আগের মতোই নতুন তালিকায়ও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।
পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া এবং দশম স্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
এদিকে, শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সর্বশেষ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, যা আগের সূচকে ছিল ৯৩তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তথ্যসূত্র: গালফ নিউজ