বিটিভির বাজেট ৩০০ কোটি টাকার বেশি, আয় মাত্র ১৫ কোটি: জাহেদ উর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের বার্ষিক বাজেট ৩০০ কোটির বেশি হলেও এর আয় মাত্র ১৫ থেকে ১৬ কোটি টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

রোববার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

জাহেদ উর রহমান বলেন, বিটিভির বাজেট প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি টাকা হলেও আয় হয় মাত্র ১৫ থেকে ১৬ কোটি টাকা। এটি সম্পূর্ণভাবে একটি ভর্তুকি নির্ভর প্রতিষ্ঠান। তিনি প্রশ্ন তোলেন, প্রতিষ্ঠানটি আসলে জনগণকে কী দিচ্ছে এবং জনগণের অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে খবরের জন্য বিটিভির গুরুত্ব অনেকটাই কমে গেছে। বেসরকারি গণমাধ্যমগুলো আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে বলে তিনি মত দেন।

বিটিভি বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে নীতিগতভাবে বন্ধের বিষয়ও আসতে পারে, তবে তার বিশ্বাস সরকার বিটিভিকে জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে ব্যবহার করবে। একই কথা বাংলাদেশ বেতারের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তোলেন, বিটিভি সারাদিন শুধু সংবাদ প্রচার করলে জনগণের কী উপকার হবে। পূর্ববর্তী সময়ে বাধ্যতামূলকভাবে ক্যাবল টেলিভিশনে বিটিভির খবর দেখানো হলেও বাস্তবে দর্শক আগ্রহ কম ছিল বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমকে সরকারের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি প্রাণবন্ত গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা জরুরি। গণতান্ত্রিক সরকারের সঙ্গে গণমাধ্যমের সংঘাতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি জানান, নারী বিষয়ে সাইবার সহিংসতা পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সার্কুলেশন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত এবং ভুয়া খবরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান অবনতি নিয়ে তিনি বলেন, এটি পূর্ববর্তী সরকারের সময়ের পরিস্থিতির প্রতিফলন। আগামী দিনে অবস্থান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর প্রতিনিধি সুজান ভাইজ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, সাংবাদিক শাহনাজ মুন্নি এবং অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970