নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিন বাহিনীর প্রধানদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। এজন্য সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।”

তিনি সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “গত ১৫ মাসে তিন বাহিনীর সদস্যরা অসাধারণ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা জাতীয় নিরাপত্তার জন্য অনুকরণীয়।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান যে নির্বাচনকালীন নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের সময় প্রায় ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজারেরও বেশি নৌবাহিনী সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ ইউনিট মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর পালিতব্য সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970