ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন।
ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই গুরুত্বপূর্ণ সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি দুদিনের সফরে অংশ নেবেন।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খলিলুর রহমানের সফর নিশ্চিত হয়েছে। একইদিন সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও সফর চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হতে পারে কিনা, তা বাংলাদেশি কূটনীতিকরা নিশ্চিত করতে পারেননি। তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সরাসরি আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয়বার কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে ভারতে গিয়েছিলেন। গত বছর আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। পরে ২০২৩ সালের ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকও অনুষ্ঠিত হয়।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপাক্ষিক আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্ম, যার পূর্ণ সদস্য বাংলাদেশ ২০২৪ সালে যুক্ত হয়। সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, মানব পাচার রোধ, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করাই এই ফোরামের মূল লক্ষ্য। সদস্যদেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, নীতিগত সমন্বয় ও সক্ষমতা বৃদ্ধি—এই কাঠামোর প্রধান কাজ।
যদিও সিকিউরিটি কনক্লেভের সচিবালয় কলম্বোতে, তবে সদস্যদেশগুলো পালাক্রমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন স্তরের বৈঠকের আয়োজন করে থাকে।